শিরোনাম

খরচ ছাড়াই আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

  • Update Time : Thursday, November 26, 2026

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম ফ্লাইটে তারা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিক বিদায় শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মীরা মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তাদের চাকরির চুক্তি হবে তিন বছরের, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’। অর্থাৎ মালয়েশিয়ায় যেতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে এই কর্মসূচির মাধ্যমে কর্মীদের মোট সাশ্রয় হচ্ছে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। পুরো নিয়োগ প্রক্রিয়া ছিল দালালমুক্ত ও স্বচ্ছ। অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচিত করা হয়েছে।

বোয়েসেল আরও জানিয়েছে, এটি মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রমের প্রথম ধাপ। দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএলে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্ল্যান্টেশনে ৫২৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

এদিকে সরকারি এই কর্মসূচির নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে তা প্রতারণা বলে সতর্ক করেছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, এই কর্মসূচিতে কর্মীদের কাউকে কোনো টাকা দিতে হয় না। নিয়োগসংক্রান্ত সব বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com