কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকে ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন

  • Update Time : Wednesday, November 25, 2026
বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার ঋণ কর্মসূচি উদ্বোধন করেছে কর্মসংস্থান ব্যাংক।
ব্যাংকের প্রধান কার্যালয়ে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ বুধবার ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’- শীর্ষক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং এবং ৬ জন উদ্যোক্তার মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ডক্টর মোহাম্মদ জকরিয়া, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং কর্মসংস্থান ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারভীন আকতার। অনুষ্ঠানের শুরুতে ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো: মশিউর রহমান বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬-র ওপর স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, ‘‘আশা করি, বাংলাদেশ ব্যাংক দেশের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান অব্যাহত রাখবে। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “ঋণ বিতরণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে, যাতে সঠিক ব্যক্তি ও প্রকৃত উদ্যোক্তার হাতে অর্থায়ন পৌঁছে। দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সঠিক কর্মসংস্থানমূলক উদ্যোগে ঋণের অর্থ ব্যবহার করতে হবে। ঋণের অর্থ যেন কোনোভাবেই নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহৃত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের বিষয়েও গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, কর্মসংস্থান ব্যাংক যে মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সঠিকভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাংকের মাধ্যমে আরও বেশি অর্থায়ন করা হলে তরুণ সমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।”
সভাপতির বক্তব্যে পারভীন আকতার বলেন, কর্মসংস্থান ব্যাংক তার প্রতিষ্ঠার মহান লক্ষ্য বাস্তবায়নে উৎপাদনমুখী খাতে ঋণ সহায়তা অব্যাহত রেখেছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালনা বোর্ডের সম্মানিত পরিচালক ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জকরিয়া, তালুকদার সালাহউদ্দীন আহমাদ, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির প্রমুখ। এছাড়া মাঠপর্যায়ে ভার্চুয়ালি বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন।
এ কর্মসূচির আওতায় সারাদেশের ২৯০টি শাখায় একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মাঝে প্রায় ৩৩ কোটি টাকা ঋণের চেক বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ১০০০ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ এর আওতায় কর্মসংস্থান ব্যাংকের অনুকূলে ১,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয় ও নিরীক্ষা কার্যালয় প্রধান, আঞ্চলিক কার্যালয় ও শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক ও সকল স্তরের কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com