সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, সম্প্রতি কমিশনের একটি বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি উত্থাপন করেন। এ সময় ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেন তিনি।
এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি হিসেবে কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে তা উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন।
বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এনআইডি দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিভিন্ন মহল। এসব দাবির পরিপ্রেক্ষিতে এবার অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি বিবেচনায় নিচ্ছে কমিশন।
সর্বশেষ ভোটার তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।