শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
এসময় ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি, অত্যাধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিকমানের উৎপাদন সক্ষমতা দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। প্রতিনিধিদলে আরও ছিলেন ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়ীদ সহ এমইএস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রতি হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে এমইএস প্রতিনিধিদলকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমইএস প্রতিনিধিদলের সদস্যরা ডিসপ্লে সেন্টারে ওয়ালটন উৎপাদিত বিভিন্ন পণ্য, প্রোডাকশন প্ল্যান্ট এবং গবেষণা ও উদ্ভাবন (আর অ্যান্ড ডি) কার্যক্রম ঘুরে দেখেন। তারা লিফট, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোলার প্যানেল, ব্যাটারি, ক্যাবল, কম্প্রেসর সহ বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্যের উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত উৎকর্ষতা প্রত্যক্ষ করেন।
এসময় মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, “ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য এবং প্রযুক্তিগত সক্ষমতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বা আর অ্যান্ড ডি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই, ওয়ালটন এই সক্ষমতা আরও সম্প্রসারণ করুক এবং প্রযুক্তিগত উদ্ভাবনে আরও এগিয়ে যাক।”
দেশে উৎপাদিত পণ্য ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সরকারের মতো আমরাও দেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্ব দেই। স্থানীয়ভাবে প্রয়োজনীয় পণ্য পাওয়া গেলে আমরা আগে দেশীয় পণ্যই বিবেচনা করতে চাই। এক্ষেত্রে ওয়ালটন এমন একটি প্রতিষ্ঠান, যার নাম স্বাভাবিকভাবেই আমাদের বিবেচনায় আসে।”
এমইএস এর ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়ীদ বলেন, “ওয়ালটনের বিপুল উৎপাদন সক্ষমতা সত্যিই বিস্ময়কর। বাংলাদেশে এত বড় পরিসরে উৎপাদন সুবিধা ও ম্যানুফ্যাকচারিং সক্ষমতা গড়ে উঠেছে এবং এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হচ্ছে, এটি অত্যন্ত গর্বের বিষয়।”
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, “দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাথে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদী সহযোগিতা গড়ে তোলাকে ওয়ালটন অত্যন্ত গুরুত্ব দেয়।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন হাই-টেকের বিজনেস কো-অর্ডিনেটর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম।