শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ শেয়ার সন্তানদের উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন ব্যাংকটির পৃষ্ঠপোষক নাসিরউদ্দিন চৌধুরী।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র মতে, নাসিরউদ্দিন চৌধুরী তার মালিকানাধীন ১ কোটি ৯৫ লাখ শেয়ার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন। স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক লেনদেন ব্যবস্থার বাইরে এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
ঘোষণা অনুযায়ী, তার ছেলে ও কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার ফারিস নাসির চৌধুরী পাবেন ৬৫ লাখ শেয়ার। একই পরিমাণ শেয়ার পাবেন তার দুই মেয়ে ও সাধারণ শেয়ারহোল্ডার অর্থী ফারিয়াহ চৌধুরী এবং ওভি ফারাহ চৌধুরী।
অর্থাৎ তিন সন্তানই সমানভাবে ৬৫ লাখ করে শেয়ার উপহার হিসেবে পাবেন। সব মিলিয়ে তাদের মধ্যে হস্তান্তর করা হবে ১ কোটি ৯৫ লাখ শেয়ার।
কোম্পানির ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করা হবে।