সাউথইস্ট ব্যাংক পিএলসি. গবেষণানির্ভর ও জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে নতুন এক মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট-এর উদ্যোগে প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকনোমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন, জনমিতিক উপাত্ত এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যনির্ভর বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনের লক্ষ্য হলো করপোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সিনিয়র এক্সিকিউটিভবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং সারাদেশের শাখা ব্যবস্থাপকবৃন্দ।
স্বাগত বক্তব্যে এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান খায়রুল আনাম মহিউদ্দিন, সিএসএ, সিএফএফপি, প্রকাশনাটির লক্ষ্য, গবেষণা কাঠামো, বিশ্লেষণধর্মী পদ্ধতি এবং সম্মিলিত প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী গবেষণানির্ভর অন্তর্দৃষ্টি এবং গবেষণামুখী সাংগঠনিক সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ মাহবুব আলম বলেন, প্রকাশনাটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।
সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ মাহমুদ খান ‘ইকনোমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট’-কে জ্ঞানভিত্তিক ও ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট টিমকে অভিনন্দন জানান এবং ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনায় সহায়ক ও দীর্ঘস্থায়ী টেকসই গবেষণা অব্যাহত রাখতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানটি ‘ইকনোমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট’-এর মতো প্রকাশনার মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর প্রাতিষ্ঠানিক জ্ঞানভিত্তি আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাওয়ার এবং গবেষণা, উদ্ভাবন ও বিশ্লেষণধর্মী উৎকর্ষতার প্রতি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের নবায়িত প্রতিশ্রুতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।