সিটি ব্যাংক সম্প্রতি সুইফট-এর নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট বা আন্ত:দেশীয় রিটেল লেনদেন ব্যবস্থার আওতায় অর্থ প্রেরণকারী এবং অর্থ গ্রহণকারী উভয় ভূমিকাতেই সফলভাবে বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ নামের নতুন আন্ত:দেশীয় পেমেন্ট বা লেনদেন উদ্যোগ সম্পন্ন করেছে।
অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশে^ও ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই কাঠামোটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সুইফটের এই উদ্যোগে যুক্ত হয়।
প্রথাগত আন্তঃদেশীয় পেমেন্ট এবং রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায়শই বিলম্ব ও উচ্চ ব্যয়ের সমস্যা দেখা দেয়। একাধিক মধ্যস্থতাকারী ব্যাংকিং ধাপ,বিশ্বজুড়ে প্রক্রিয়াকরণের সময়ের ভিন্নতা এবং নানাবিধ নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতার জন্যে এই রকম ঘটে যাবে। এছাড়া মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ফি-এর কারণে প্রাপকের হাতে পৌঁছানো অর্থের পরিমাণও কমে যায়। এই বাধাগুলো দূর করার লক্ষ্যে সুইফট পেমেন্ট সংক্রান্ত এই নতুন কাঠামোটি তৈরি করেছে,যার ফলে রিটেল গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত,সুনিশ্চিত ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুবিধা পাবে।
‘সুইফট স্কিম’ হলো আন্তঃসীমান্ত পেমেন্ট বা লেনদেনের জন্য একটি নতুন কাঠামো, যার লক্ষ্য হলো আন্তর্জাতিকভাবে লেনদেনকারী ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। এই ব্যবস্থায় লেনদেনের পূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা,শুরুতেই খরচের বিষয়ে স্পষ্ট ধারণা,স্বচ্ছতা,লেনদেন ট্র্যাক করার সুবিধা এবং দিন-রাত ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক ২০২৬ সালের জুন মাসে এই সেবা চালু করেছে, যা জি-২০ নির্ধারিত লেনদেনের গতি সংক্রান্ত মানদণ্ড পূরণ,খরচের বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত এবং গোপন বা অতিরিক্ত ফি দূর করতে সহায়তা করছে।
সিটি ব্যাংক চলতি বছরের ২২ জুন তাদের প্রথম লেনদেনটি ১ মিনিটে এবং দ্বিতীয় লেনদেনটি মাত্র ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। এরপর ২৩ জুন সিটি ব্যাংক ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ বা মধ্যস্থতাকারী হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে আসা একটি পেমেন্ট বা অর্থপ্রদান প্রক্রিয়া সম্পন্ন করে এবং তা বাংলাদেশেরই অন্য একটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি সিটি ব্যাংকের এই অর্জনকে স্বীকৃতি জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান এবং সুইফটের সিইও এবং রিজিওনাল হেড (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে একটি স্মারক ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও ও ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী, সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অপির্তা ঘোষসহ সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।