এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন ব্যবসায়ী ফজলুল হক

  • Update Time : Sunday, August 2, 2026

ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে ব্যবসায়ী মহল থেকেই ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।

এর আগে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন।

রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন মো. ফজলুল হক। এরপর ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই পদটি ফাঁকা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হয় সংগঠনটির সদস্যদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে একই বছরের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

প্রশাসক হিসেবে হাফিজুর রহমান এক বছর দায়িত্ব পালন করলেও তার মেয়াদে নির্বাচন দিয়ে যেতে পারেননি। তবে তার মেয়াদে তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পর একাধিক ব্যবসায়ী বাণিজ্য সংগঠন বিধিমালার বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন। এতে নির্বাচন আটকে যায়।

হাফিজুর রহমানের মেয়াদ শেষ হওয়ার পর দেড় মাস প্রশাসক পদ শূন্য ছিল। এরপর ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাকে ১২০ দিন বা ৪ মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। তবে মামলার কারণে তিনিও নির্বাচন দিতে পারেননি। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আবদুর রহিম খানের মেয়াদ আরও চার মাস বাড়ানো হয়, ২৬ জুনে তা শেষ হয়।

মে মাসে এফবিসিসিআইয়ের সদস্যদের একাংশের জোট এফবিসিসিআই সংস্কার পরিষদের নেতারা ব্যবসায়ী প্রশাসক নিয়োগসহ বিভিন্ন দাবিতে তৎকালীন প্রশাসক আবদুর রহিম খানের সঙ্গে বৈঠক করেন। তখন আবদুর রহিম খান বাণিজ্যসচিবের চলতি দায়িত্বও পালন করছিলেন। পরে সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন ব্যবসায়ীকে প্রশাসক হিসেবে নিয়োগের আশ্বাস দিয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com