যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৯ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন।
সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার এবং বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
এজিএমে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২৯ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।
সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরিচালনা পর্ষদ তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
যমুনা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, উন্নত গ্রাহকসেবা এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।