ঋণখেলাপি হওয়ায় বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না

  • Update Time : Tuesday, June 30, 2026

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৫ জুন শুনানি শেষে এ মামলার রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরীর প্রার্থিতা ও নির্বাচনী ফলাফল নিয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতা চলছিল। নির্বাচন কমিশন, হাইকোর্ট এবং আপিল বিভাগে একাধিক শুনানির পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালতে ওঠে।

শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও মিফতাহ উদ্দিন চৌধুরী অংশ নেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম বক্তব্য রাখেন।

এর আগে গত ২০ জুন আপিল বিভাগ এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে দুই জ্যেষ্ঠ আইনজীবীকে মতামত দেওয়ার জন্য মনোনয়ন দেন। পরে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়।

ঘটনার ধারাবাহিকতায় ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করা হলে তা খারিজ হয়। এরপর হাইকোর্টে রিট দায়ের হলেও সেটিও খারিজ হয়ে যায়।

পরে বিষয়টি আপিল বিভাগে ওঠে এবং নির্বাচনের ফলাফল প্রকাশ আদালতের নির্দেশে স্থগিত রাখা হয়। সর্বশেষ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করে তাকে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে অযোগ্য ঘোষণা করেন।

আদালতের এ রায়ের ফলে চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে চলমান অনিশ্চয়তা শেষ হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com