‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্বোধন : সরকারের ডায়াসপোরা নীতিমালা চূড়ান্ত পর্যায়ে

  • Update Time : Sunday, June 28, 2026

সরকারের বহুল প্রতীক্ষিত ডায়াসপোরা নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি অনুমোদন পেতে পারে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে রোববার (২৮ জুন) ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্‌বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তি‌নি এ তথ্য জানান।

‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে এই ডিজিটাল প্ল্যাটফর্‌ম চালু করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ২৪ লাখের বেশি বাংলাদেশি তাদের জ্ঞান, দক্ষতা, পরামর্শ, উদ্ভাবন, বিনিয়োগ সংযোগ, অ্যাডভোকেসি এবং পেশাগত অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। যাচাইকৃত বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত হয়ে এসব অবদান রাখার সুযোগ থাকবে।

ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্মে যাচাইকৃত ব্যবহারকারী প্রোফাইল, স্মার্ট ম্যাচমেকিং, মেন্টরশিপ, কমিউনিটি ফোরাম এবং অবদানের প্রভাব পর্যবেক্ষণের সুবিধা থাকবে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, স্থানীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন নেটওয়ার্ক দেশের উন্নয়নে দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

সচিব নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে প্রবাসী বাংলাদেশিরা আগ্রহী। তবে তাদের সম্পৃক্ত করতে আস্থা ও টেকসই সম্পর্ক গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হলেও আস্থার ঘাটতি, সরকারি সেবায় জটিলতা এবং প্রয়োজনীয় সহায়তার অভাবে তারা বিনিয়োগ করতে পারছেন না।

এ পরিস্থিতি উত্তরণে সরকারি সেবার সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল এবং স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বিদেশে বাংলাদেশি মিশনগুলোর মাধ্যমে আরও কার্যকর সহায়তা দেওয়ার আহ্বান জানান নজরুল ইসলাম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ বলেন, এই উদ্যোগ সরকারের ডায়াসপোরা সম্পৃক্তকরণ প্রচেষ্টার পরিপূরক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ ডায়াসপোরা নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, একবার কার্যকর সংযোগ স্থাপিত হলে এটি বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনতে পারে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যের সংসদ সদস্য এবং যুক্তরাজ্য পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় গ্রুপের চেয়ার আপসানা বেগম বলেন, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ, মানবিক জরুরি পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবর্তনের সময় বাংলাদেশি প্রবাসীরা সবসময় দেশের পাশে থেকেছেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই প্ল্যাটফর্‌ম যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর কার্যকর পথ তৈরি করবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে।

তিনি বলেন, এটি কেবল অক্সফামের প্রকল্প নয়, বরং একটি জাতীয় উদ্যোগ। এই প্ল্যাটফর্‌ম বাংলাদেশকে সহায়তা গ্রহণকারী দেশ থেকে জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবন প্রদানকারী দেশে রূপান্তরের বৈশ্বিক ধারণা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান লরা টম-বন্ডে, ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান, আইএলও-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিওন এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

অনুষ্ঠানে জানা‌নো হয়, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দুই বছরের গবেষণার ভিত্তিতে এই প্ল্যাটফর্‌ম তৈরি করা হয়েছে। ১২টি দেশের প্রবাসীদের নিয়ে বৈশ্বিক জরিপ, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিশ্বের ১১টি ডায়াসপোরা প্ল্যাটফর্‌ম বিশ্লেষণ এবং বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের সঙ্গে কর্মশালার মাধ্যমে প্লাটফর্‌মটি উন্নয়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com