ডাচ-বাংলা ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • Update Time : Wednesday, June 17, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ (মঙ্গলবার) বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ সালের জন্য ঘোষিত ব্যাংকটির নগদ বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ। সভার শুরুতে তিনি শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা উক্ত আর্থিক বিবরণী এবং ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন, যার মধ্যে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার অন্তর্ভুক্ত। সভায় ব্যাংকের চলমান কার্যক্রম নিয়েও শেয়ারহোল্ডাররা মতামত ও প্রস্তাবনা দেন।

আর্থিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ১৭ হাজার ৭৯৭ দশমিক ৬ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৬ লাখ ৭৯ হাজার ৮৭৫ দশমিক ৫ মিলিয়ন টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৩ শতাংশ। একই সময়ে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৫০ হাজার ৫০৩ দশমিক ৮ মিলিয়ন টাকা, যা আগের বছর ছিল ৪ লাখ ২৮ হাজার ৬৮৯ দশমিক ৪ মিলিয়ন টাকা। এতে প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ।

২০২৫ সালে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২২ হাজার ৫৭ দশমিক ৮ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৫ লাখ ২১ হাজার ৮৭২ দশমিক ৫ মিলিয়ন টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ২ শতাংশ। কর-পূর্ব নিট মুনাফা ১৫ হাজার ৯১১ দশমিক ৬ মিলিয়ন টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা ৯ হাজার ৬৪৭ দশমিক ৭ মিলিয়ন টাকা অর্জিত হয়েছে। শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৮ টাকা। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার ১৭ দশমিক ১ শতাংশ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম মানের চেয়ে বেশি।

সভায় সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো. ফখরুল ইসলামকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ অনুমোদন করা হয়। পাশাপাশি স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদিত হয়।

২০২৬ অর্থবছরের জন্য বহির্নিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের নিয়োগ অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com