প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ শতাংশ

  • Update Time : Wednesday, May 13, 2026

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসির বিক্রি ও নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণ কমেছে। এর মধ্যে বিক্রি কমেছে ৬ শতাংশ এবং কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ১৯ শতাংশ। দেশের সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ক্রমবর্ধমান জ্বালানি সংকটের প্রভাবে আয় ও মুনাফায় ভাটা পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আজ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লাফার্জহোলসিম বাংলাদেশের নিট বিক্রি হয়েছে ৮০৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৮৫১ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পূর্ববর্তী নিট মুনাফা হয়েছে ১১২ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩৯ কোটি টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৪০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ। এর মধ্যে ১৮ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪১ পয়সায়।

সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম গ্রুপ ও স্পেনভিত্তিক সিমেন্টোস মলিন্স গ্রুপের যৌথ উদ্যোগ লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৯৭ কোটি ৮৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০। এর ৬৩ দশমিক ৩৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ৪৪, বিদেশি বিনিয়োগকারী দশমিক ৭৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৩ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com