জ্বালানিসংকট মধ্যমেয়াদি চ্যালেঞ্জ: পিপিআরসি

  • Update Time : Saturday, May 2, 2026

জ্বালানিসংকট সাময়িক বিষয় নয়, বরং মধ্যমেয়াদি চ্যালেঞ্জ। সমস্যার সমাধান না হলে আবার এই সংকট হতে পারে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

এই সংকটের সূত্র ধরেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পদক্ষেপ নিতে এ সংকট সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে। সেই সঙ্গে সংকটের সময় অংশীজনদের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নেওয়া হলে তা আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন হোসেন জিল্লুর রহমান।

শনিবার (২ মে) গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘জ্বালানির ফাঁদে বন্দী অর্থনীতি’ শীর্ষক নীতি সংলাপে এ কথা বলেন হোসেন জিল্লুর রহমান। আলোচনা করেন জ্বালানি, শিল্প ও কৃষি খাতের বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, এই পরিস্থিতিতে জ্বালানিসংকট সাময়িক মনে না করে মধ্যমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। এই পরিস্থিতিতে তেলের মজুত বৃদ্ধিতে জোর দিয়েছেন তাঁরা। সে জন্য পরিশোধন সক্ষমতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

আলোচনায় সামাজিক শৃঙ্খলা নিয়ে কথা বলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী। তিনি বলেন, এবার মানুষ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। সাধারণত এমন সংকটে তা দেখা যায় না। নতুন সরকারের প্রতি মানুষের সহানুভূতি ছিল। তবে ভবিষ্যতে এমন সংকট এলে মানুষ এমন সহনশীল থাকবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

এবার মানুষ ভীতি বা আতঙ্ক থেকে তেল কিনতে হুমড়ি খেয়ে পড়েছে। সেই সঙ্গে মজুত প্রবণতার কারণেও সংকট তৈরি হয়েছিল বলে মনে করছেন পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক। তিনি বলেন, একই লোক প্রতিদিন তেল নিয়েছে, এমন নজিরও দেখা গেছে। আবার সরবরাহ কমিয়ে দিলে লম্বা লাইন পড়ে যায়। এখন সরবরাহ ও দাম উভয়ই বেড়ে যাওয়ায় ক্রেতা কমে গেছে।

সেমিনারে আরও কথা বলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান, কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মণ্ডল, ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com