এবিবির চেয়ারম্যান হিসেবে মাসরুর আরেফিন নির্বাচিত

  • Update Time : Monday, January 5, 2026
মাসরুর আরেফিন

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) এবিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, নবনির্বাচিত কমিটি ২০২৬–২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে। সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন— প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ট্রেজারার হিসেবে এবং যমুনা ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপরোক্ত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে আরও ১২ জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার, যার ব্যাংকিং খাতে ৩১ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি গত সাত বছর ধরে সিটি ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে গত সাত মাস এবিবি-র অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশে SWIFT Members & Users Group (SMUGB)-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন এবং জুলাই ২০২৪ থেকে ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com