রিহ্যাব আবাসন মেলা শেষ হচ্ছে শনিবার

  • Update Time : Friday, December 26, 2025

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০২৫’ এখন শেষ পর্যায়ে। শুক্রবার (২৬ ডিসেম্বর) চলে এ মেলার তৃতীয় দিন। শনিবার (২৭ ডিসেম্বর) যার পর্দা নামতে যাচ্ছে। ফলে সময়ের হিসাবে হাতে আছে আর মাত্র একটি দিন।

আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকেল গড়াতেই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নিজের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন মানুষকে শহরের যানজট ঠেলে টেনে আনে এ মেলায়।

অনেকে আসেন পরিবারের সদস্য, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে। বিকেলের পর থেকে প্রতিটি স্টল ঘিরে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। কেউ খুঁজছিলেন সাধ্যের মধ্যে একটি ছোট ফ্ল্যাট, কেউ আবার ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে প্লট কেনার তথ্য নিচ্ছিলেন। তবে তুলনামূলকভাবে ছোট ফ্ল্যাটের চাহিদাই বেশি লক্ষ্য করা গেছে।

এসময় নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ধৈর্যের সঙ্গে দর্শনার্থীদের বিভিন্ন প্রকল্প, কিস্তির সুবিধা, মূল্যছাড় ও মেলার বিশেষ অফার সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছিলেন। অনেক ক্রেতাই প্রথমবারের মতো উপলব্ধি করেছেন- সঠিক পরিকল্পনা ও তথ্য থাকলে নিজের বাসার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

হক হোমস অ্যান্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমদাদুল হক বলেন, সকালে তীব্র শীতের কারণে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম ছিল। তবে বিকেলের দিকে তাদের উপস্থিতি বাড়ে এবং তারা আগ্রহ নিয়ে কাঙ্ক্ষিত আবাসন খোঁজেন।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রস্তুত ও চলমান আবাসন প্রকল্প নিয়ে মেলায় অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় বুকিং অফার ঘোষণা করা হয়েছে।

ক্রেতা-বিক্রেতারা জানান, শুক্রবারের ভিড় কেবল সংখ্যায় নয়, অনুভূতিতেও গুরুত্বপূর্ণ। কারণ শনিবারই শেষ সুযোগ। যারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি, তারা বিভিন্ন স্টল ঘুরে নানা প্রকল্প দেখেছেন এবং তথ্য সংগ্রহ ও তুলনা করছেন। অনেকেই আশা করছেন, মেলার শেষ দিনে আবার এসে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

রিহ্যাব ফেয়ার তাই শুধু কেনাবেচার আয়োজন নয়; এটি হয়ে উঠেছে স্বপ্ন দেখার, সাহস সঞ্চয়ের এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুছিয়ে নেওয়ার একটি বড় প্ল্যাটফর্ম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com