শিরোনাম

গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চাইবে রাষ্ট্রপক্ষ

  • Update Time : Thursday, November 26, 2026

শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেছেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার কেবল বাংলাদেশের নয়, বরং সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি নিশ্চিত করার বিষয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি জানান, যুক্তিতর্কে দেশি-বিদেশি আদালত ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন প্রতিষ্ঠিত আইনি নজির তুলে ধরবে রাষ্ট্রপক্ষ। গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের বিচার সম্পন্ন হলে তা বাংলাদেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দি, মামলার নথিপত্র এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবে। এ সময় আইনে নির্ধারিত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হবে।

যুক্তিতর্কের প্রস্তুতি প্রসঙ্গে রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার সব নথি ও সাক্ষীদের জবানবন্দি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধের বিচারসংক্রান্ত বিভিন্ন ট্রাইব্যুনাল এবং অন্যান্য দেশের আদালতে প্রতিষ্ঠিত আইনি নজিরও পর্যালোচনা করা হয়েছে। এসব নজির আদালতে তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনি অবস্থান ব্যাখ্যা করা হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরপেক্ষতা, বিচারিক দক্ষতা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়, সেগুলোরও আইনি জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের আদালত ও আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

এর আগে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও মিজানুল ইসলাম যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর পুনরাবৃত্তি না করে নিজের মতো করে যুক্তিতর্ক উপস্থাপন করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

তার বক্তব্য মূলত আইনভিত্তিক হবে জানিয়ে তিনি বলেন, যুক্তিতর্কের প্রয়োজনে সাক্ষীদের জবানবন্দি ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও তুলে ধরতে হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার চেষ্টা করবেন তিনি।

জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনে সর্বোচ্চ শাস্তির যে বিধান রয়েছে, সে বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। একজন ব্যক্তির অপরাধের জন্য আইনে মৃত্যুদণ্ডের বিধান থাকলে রাষ্ট্রপক্ষ সেই সর্বোচ্চ শাস্তিই চাইবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার বিচারকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের মামলায় এ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। তবে গুম ও পদ্ধতিগতভাবে সংঘটিত অপরাধের ভয়াবহতা নিয়ে চলমান এ বিচারপ্রক্রিয়া ভিন্ন গুরুত্ব বহন করছে।

তার মতে, গুমের মতো পদ্ধতিগত অপরাধের বিচার সম্পন্ন হলে তা বাংলাদেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে এ ধরনের অপরাধের দায় নির্ধারণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাপনী বক্তব্যে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো দেখেছেন। রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন।

রুহুল কুদ্দুস আরো বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা যাবে। তার বিরুদ্ধে এ বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহি প্রতিষ্ঠার দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com