শিরোনাম

ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মুসিবতে ৩৩ ব্যাংক

  • Update Time : Wednesday, November 25, 2026

ঋণ পরিশোধের চাপ সামাল না দিয়েই একের পর এক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ইফাদ গ্রুপ। এতে ঋণদাতা ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন ডজনে। এক ব্যাংকের দেনা পরিশোধের আগেই নতুন ব্যাংক থেকে ঋণ নেয়ার এ প্রবণতায় ক্রমেই বাড়ছে আর্থিক ঝুঁকি। বিপুল অঙ্কের ঋণ দিয়ে এখন বড় মুসিবতে পড়েছে ৩৩টি ব্যাংক।

এসব ব্যাংকে ইফাদ গ্রুপের দেনার পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৬৫ কোটি টাকার বেশি। অথচ এর বিপরীতে বিভিন্ন ব্যাংকে ইফাদ অটোসের এফডিআর করা আছে মাত্র ১৮১ কোটি টাকা। ঋণের পাহাড়ের বিপরীতে জামানতের এ সামান্য অঙ্ক ব্যাংকগুলোর অর্থ আদায়ের অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।

ইফাদ গ্রুপের আর্থিক চিত্রে উঠে এসেছে ঋণনির্ভরতার চাপ, ধারাবাহিক লোকসান এবং সুদ পরিশোধের দুর্বল সক্ষমতা। একদিকে ব্যাংকগুলোর বিপুল পাওনা, অন্যদিকে ঋণের তুলনায় সামান্য এফডিআর- সব মিলিয়ে অর্থ আদায়ের পথ কঠিন হয়ে উঠেছে। ব্যবস্থাপনা আগামী ১২-২৪ মাসে ঋণ পুনর্বিন্যাস ও নগদ প্রবাহ বাড়ানোর পরিকল্পনার কথা বললেও ব্যাংকগুলোর পাওনা আদায়ে শেষ পর্যন্ত কতটা অগ্রগতি হয়, এখন সেটিই বড় প্রশ্ন।

প্রতিষ্ঠানটির আর্থিক তথ্য বলছে, মোট ঋণের মধ্যে লিজ বাবদ ২০ হাজার ২৪ কোটি টাকা। অবশিষ্ট অর্থ স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে নেয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, বন্ড বাবদ ৪১ কোটি ৩৭ লাখ টাকা দিয়ে ফেঁসে গেছে ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৫ কোটি ৬৯ লাখ, ওয়ান ব্যাংকের ২ কোটি ৩৫ লাখ, প্রাইম ব্যাংকের ৪ কোটি ৯৭ লাখ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ২৩ কোটি ৮৫ লাখ টাকা রয়েছে। ধারাবাহিক লোকসানের মধ্যেও মূল প্রতিষ্ঠান থেকে ১১৯ কোটি টাকা সরিয়ে নতুন ব্যবসায় বিনিয়োগ করেছে গ্রুপটি। পুরোনো ব্যবসার আর্থিক চাপ সামলানোর পাশাপাশি নতুন ব্যবসায় এমন বিনিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।

চলতি অর্থবছরের গত সেপ্টেম্বরে প্রকাশিত সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ১১৯ কোটি ৯৯ লাখ টাকা বিনিয়োগ করেছে ইফাদ মাল্টি প্রডাক্টসে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও ইফতেখার আহমেদ টিপু। গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদও রয়েছেন এতে। তিনি বর্তমানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি।

ঋণের বোঝা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুদ ব্যয়। কয়েক বছরের ব্যবধানে এ ব্যয় বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। পাঁচ বছরের আর্থিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে ৫৫ কোটি ১২ লাখ টাকা নিট মুনাফা করেছিল ইফাদ অটোস পিএলসি। কিন্তু ২০২২-২৩ অর্থবছর থেকে টানা তিন বছর লোকসানে রয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৪-২৫ অর্থবছরে বিক্রি বেড়ে ৮৯২ কোটি ১৬ লাখ টাকা হলেও নিট লোকসান হয়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ বিক্রি বাড়লেও মুনাফার মুখ দেখেনি প্রতিষ্ঠানটি।

এ সময়ে গ্রুপটির মোট দেনা দাঁড়িয়েছে তিন হাজার ১৬৪ কোটি ৮৯ লাখ টাকা। অথচ উদ্যোক্তা ও শেয়ারধারকদের বিনিয়োগ মাত্র ৯৫৩ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ এক টাকার মূলধনের বিপরীতে কোম্পানির দায় ৩ টাকা ৩২ পয়সা। মূলধনের তুলনায় দায়ের এ বিশাল ব্যবধান প্রতিষ্ঠানটির আর্থিক ঝুঁকির চিত্র তুলে ধরছে।

ঋণের বিপরীতে সুদ ব্যয় পরিশোধের অনুপাত নেমে এসেছে মাত্র শূন্য দশমিক ৯৬ শতাংশে। অর্থাৎ মূল ব্যবসা থেকে তৈরি পরিচালন মুনাফা দিয়েও সুদের ব্যয় পুরোপুরি মেটাতে পারছে না প্রতিষ্ঠানটি। ঋণের বোঝা বাড়লেও সুদ পরিশোধের সক্ষমতা কমে যাওয়ায় ঋণদাতা ব্যাংকগুলোর উদ্বেগ আরও বাড়ছে। এর পেছনে অন্যতম কারণ আর্থিক ব্যয়ের ঊর্ধ্বগতি। ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত আর্থিক খরচ বেড়েছে প্রায় ৫৬ শতাংশ। একই সময়ে মোট ব্যয়ের মধ্যে আর্থিক খরচের অংশ ৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। ইফাদের পরিচালন মুনাফা যেখানে কমছে, সেখানে আর্থিক খরচ উল্টো ৫০ কোটি টাকার ওপরে উঠে গেছে।

ঋণ দিয়ে বেকায়দায় যেসব ব্যাংক

দেউলিয়ার পথে থাকা ইফাদ গ্রুপে সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মধুমতি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এসবিএসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, ইউসিবি, আল আরাফা ইসলামি ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, ঢাকা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন ঋণ দিয়ে বেকায়দায় পড়েছে। একই কাতারে আছে আইডিএলসি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইপিডিসি, ন্যাশনাল ফাইন্যান্স, ইউনিক্যাপ ফাইন্যান্সও।

এর মধ্যে পূবালী ব্যাংকের এলটিআর খাত থেকে ৩ কোটি ৫২ লাখ টাকা এবং অন্য দুই খাত থেকে ৪৩ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রায় ৪৩ কোটি টাকা ও ইস্টার্ন ব্যাংকের প্রায় ৩৩ কোটি টাকা আটকে রয়েছে।

এ ছাড়া ওয়ান ব্যাংকে প্রায় ৩৩ কোটি টাকা, ট্রাস্ট ব্যাংকে প্রায় ২৯ কোটি টাকা, অধুনা বিলুপ্ত হতে চলা সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রায় ২৮ কোটি টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৩ কোটি টাকা রয়েছে। উত্তরা ব্যাংকে ২১ কোটি টাকা, মধুমতি ব্যাংকে ১৯ কোটি টাকা, ডাচ-বাংলা ব্যাংকে প্রায় ১৮ কোটি টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংকে প্রায় ১৭ কোটি টাকা এবং এসবিএসি ব্যাংকে ১২ কোটি টাকার ঋণ রয়েছে গ্রুপটির।

ব্র্যাক ব্যাংকে প্রায় ১১ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংকে প্রায় ১০ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ৬ কোটি টাকা, ব্যাংক এশিয়ায় ৫ কোটি টাকা, যমুনা ব্যাংকে ২ কোটি টাকা, ঢাকা ব্যাংকে প্রায় ১৩ কোটি টাকা এবং ইউসিবিএলে প্রায় ৪ কোটি টাকার ঋণ নিয়ে চলছে গ্রুপটি।

ইফাদ অটোসসের বক্তব্য

এ বিষয়ে জানতে ইফাদ অটোস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, কাঁচামাল ও আমদানিসংশ্লিষ্ট ব্যয়, বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত অতিরিক্ত খরচ এবং লজিস্টিকস, জ্বালানি ও অন্যান্য উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে মুনাফার মার্জিনে চাপ তৈরি হয়েছে।

ভবিষ্যতে শুধু বিক্রির পরিমাণ বাড়ানো নয়, বরং মুনাফায় অবদান ও নগদ প্রবাহকে অগ্রাধিকার দিয়ে লাভজনক প্রবৃদ্ধি অর্জনই ব্যবস্থাপনার লক্ষ্য হবে বলে জানান তিনি।

বিশাল অঙ্কের ঋণের বিষয়ে তিনি বলেন, প্রতিটি ঋণসুবিধার ব্যয়, ব্যবহার ও মেয়াদ পর্যালোচনা করা হচ্ছে। তুলনামূলক বেশি ব্যয়ের ঋণের ক্ষেত্রে সুদের হার নিয়ে আলোচনা, মেয়াদ বৃদ্ধি, পুনঃঅর্থায়ন কিংবা ঋণ একীভূত করার সুযোগ বিবেচনা করা হচ্ছে।

নগদ প্রবাহ, অর্থায়ন ব্যয় ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ১২-২৪ মাসে পর্যায়ক্রমে এ পরিকল্পনা বাস্তবায়নের কর্মপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তানভীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com