ধর্ষণে ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

  • Update Time : Wednesday, November 11, 2026

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন আদালত।

নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নুরুল কবির জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আমানকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ভুক্তভোগী অন্তঃসত্ত্বা শিশুটির নবজাতক আমানের সন্তান হিসেবেই পরিচিত হবে এবং সেই অনুযায়ী জন্ম নিবন্ধন হবে। তবে এই সন্তানের সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে আদালত মতামত দিয়েছেন। এই অর্থ আমানের কাছ আদায় করতে রাষ্ট্রকে নির্দেশনা দিয়েছেন আদালত।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকাকালীন র‍্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।

ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com