সংসদে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চায় বিরোধীদল

  • Update Time : Monday, November 9, 2026
গ্যাস

এলপিজিসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে দাম নির্ধারণ এবং মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জাতীয় সংসদে জরুরি আলোচনার নোটিশ দিয়েছে বিরোধীদল। পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে এই নোটিশ দিয়ে কার্যপ্রণালি বিধির ৬৮ বিধিতে আলোচনার দাবি জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে নোটিশটি পেশ করা হয়। অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। কোনও গণশুনানি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত না নিয়েই এই মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধীদল।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের বিভিন্ন ধারা ও প্রবিধান যথাযথভাবে অনুসরণ না করায় ভোক্তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। একইভাবে অন্যান্য জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণে জনস্বার্থ উপেক্ষা করা হলে তা সামগ্রিক অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

নোটিশে বিদ্যমান অনিয়ম ও মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে আইনানুগভাবে গণশুনানির আয়োজন, স্বচ্ছ প্রবিধান প্রণয়ন এবং জ্বালানি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দেশের সার্বিক জনস্বার্থ বিবেচনায় জ্বালানি পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানানো হয়েছে নোটিশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com