চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) একদিনেই দেশে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে ১৬৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ধারা নির্দেশ করছে।
খাতসংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্স প্রবাহের এ ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।