পূবালী ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য সংশোধিত লভ্যাংশ কাঠামো অনুমোদন করেছেন।
বুধবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৬ জুন ২০২৬ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় একটি বিশেষ এজেন্ডাসহ মোট ছয়টি এজেন্ডা বিবেচনা ও অনুমোদন করা হয়।
এর আগে ৩০ এপ্রিলে ডিএসইতে প্রকাশিত ঘোষণায় পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ সুপারিশ করেছিল।
এজিএমের এজেন্ডা নম্বর-২ অনুযায়ী, ‘৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা’ বিষয়ে পূর্বের প্রস্তাবে সংশোধনী আনা হয়। শেয়ারহোল্ডারদের সমর্থনের পর সর্বসম্মতিক্রমে পরিচালনা পর্ষদের ১৫১৫তম সভায় সুপারিশকৃত লভ্যাংশ কাঠামোর পরিবর্তন অনুমোদিত হয়।
সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ অনুমোদন করেছেন।
ফলে পূর্বে প্রস্তাবিত ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশের পরিবর্তে চূড়ান্তভাবে ১০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ কার্যকর হবে।