বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫-এর উপধারা ২ অনুযায়ী মীর নাদিয়া নিভিনকে চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
গত ২ মার্চ আইডিআরএর চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল। পরবর্তীতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগ সংক্রান্ত বিধান সংশোধন করে গত ৫ মে গেজেট প্রকাশ করা হয়।
মীর নাদিয়া নিভিন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২৫ সালের অক্টোবর থেকে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রকাশিত এক সাক্ষাৎকারে নাদিয়া নিভিন জানান, তার জন্ম কুয়েতে। শৈশবের কিছু সময় সেখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার পর চতুর্থ শ্রেণিতে অধ্যয়নকালে পরিবারের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন।
শিক্ষাজীবনে তিনি ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন শুরু করেন ২০০৭ সালের আগস্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অফিসার হিসেবে। এছাড়া বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেছেন তিনি।
২০০৯ সালে আন্তর্জাতিক পর্যায়ে কর্মজীবন শুরু করে জার্মানিতে দায়িত্ব পালন করেন নাদিয়া নিভিন। পরে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনব্যবস্থা নিয়ে কাজ করেন।
২০১৩ সালে আফগানিস্তানে নির্বাচন, সংসদীয় কার্যক্রম, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার ও লিঙ্গসমতা উন্নয়ন সংক্রান্ত কর্মসূচিতে যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে পাকিস্তানের সাবেক ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া (ফাটা) ও খাইবার পাখতুনখোয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কার্যক্রমে কাজ করেন।
২০১৮ সালে মালয়েশিয়ায় নির্বাচন কমিশন, সংসদ এবং দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করেন তিনি। ২০২০ সালে মিয়ানমারে যোগ দিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কর্মসূচি এবং জাতিসংঘের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার উদ্যোগে ভূমিকা রাখেন।
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর নতুন চেয়ারম্যান হিসেবে তার নিয়োগকে খাতটির সংস্কার ও আধুনিকায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।