দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি)ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ।
সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী সংগঠনের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে।
সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

ব্যাংকিং সেক্টরের খ্যাতিমান ব্যক্তি মোহাম্মদ মামদুদুর রশীদের কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক এনএ-বাংলাদেশে যোগদানের মাধ্যমে। তিনি এই ব্যাংকে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ও এসএমই, ফিন্যান্স, অপারেশন্স, ঝুঁকি ব্যবস্থাপনা (ক্রেডিট, মার্কেট ও অপারেশনাল), কমপ্লায়েন্স, মানবসম্পদ এবং সাধারণ সেবাসহ ব্যাংকিংয়ের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সিটিব্যাংক এনএ-তে ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি সিটিব্যাংক এনএ-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং ব্যবসায় প্ল্যানিং বিভাগের প্রধান ছিলেন এবং সিটিব্যাংক এনএ-বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে মামদুদ ইউসিবি এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্র্যাক এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে অধিষ্ঠিত ছিলেন।
উপাচার্য স্বর্ণপদকপ্রাপ্ত মামদুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন এবং ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি মেরিন একাডেমি থেকে প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন।
বহুমুখী প্রতিভার অধিকারী মামদুদুর রশীদ ব্যাংকিং পেশায় যোগদানের পূর্বে একজন নাবিক ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাষক (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিপিএ অস্ট্রেলিয়ার একজন ফেলো মেম্বার (এফসিপিএ)। পেশাজীবনে তিনি নেতৃত্ব এবং প্রযুক্তিগত দক্ষতার ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- হাসান ও রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি, মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি এবং মোহাম্মদ মামদুদুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
তারেক রিয়াজ খান, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি, ট্রেজারার হিসেবে এবং মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক পিএলসি, যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপরোক্ত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে আরও ১২ জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।