শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে লভ্যাংশ জমা দিল রবি আজিয়াটা পিএলসি

  • Update Time : Tuesday, December 9, 2025

শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫ শতাংশ হারে ৬ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকার দিয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে বাৎসরিক লভ্যাংশের এ চেক শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

উপদেষ্টার কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন রবি আজিয়াটা পিএলসির হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মোহাম্মদ রবিউল আলম এবং পরিচালক, পাবলিক অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে করপোরেট প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এই অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে ব্যবহার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com