পুঁজিবাজারে বিনিয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সৈয়দপুর সেনানিবাসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাকিবুল ইসলাম।
এ সময় বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, এসিএস ও প্রভাষক ইমরান মাহমুদসহ বিএইউএসটির বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিআইসিএম ও বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির বিভিন্ন পর্ব পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান এবং প্রভাষক ইমরান মাহমুদ।
বিআইসিএম নিয়মিতভাবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজারবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তোলা, বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যৎ পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়তা করাই এসব আয়োজনের উদ্দেশ্য।