বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেনকে আরও সুবিধাজনক, নিরাপদ ও আধুনিক করে তোলার লক্ষ্যে ঢাকার মহাখালীর এসকেএস (SKS) টাওয়ারে তাদের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’-এর বুথগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।
এই প্রচারণার মাধ্যমে গ্রাহকদের সরাসরি সম্পৃক্ত করা হচ্ছে এবং ডিজিটাল পেমেন্ট, কার্ডের ব্যবহার ও বাংলা কিউআর (Bangla QR) সেবার সুবিধাসমূহ সম্পর্কে সচেতন করা হচ্ছে, যা ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার প্রচলনকে আরও জোরদার করছে।
পূবালী ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহনেওয়াজ খান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহখালী করপোরেট শাখার জেনারেল ম্যানেজার ও ব্যবস্থাপক মো. শাহিন শাহরিয়া; অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রবিউল আলম; এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য যে, এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ত্বরান্বিত করা।
প্রচারণার বুথগুলোতে গ্রাহকদের ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস (POS) মেশিন, মোবাইল অ্যাপ-ভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর (Bangla QR) কোডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা সম্পর্কে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হচ্ছে।