দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে- এ সংক্রান্ত বিধান সংযোজন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, দুদকের পরিধি বড় হচ্ছে। একই সঙ্গে দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে ছয় মাস পরপর অনলাইনে (ওয়েবসাইটে) দিতে হবে এবং দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, বর্তমানে চেয়ারম্যানসহ তিনজন কমিশনারের সমন্বয়ে এই কমিশন কাজ করে। এখন তা বাড়িয়ে পাঁচজনের কমিশন করা হচ্ছে। তাদের মধ্যে একজন নারী এবং অন্তত একজন বা দুইজন আইটি পেশাদার থাকবেন।
আইটি পেশাদার অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করে শফিকুল আলম বলেন, আজকের দুর্নীতি মূলত ডিজিটাল মাধ্যমে সংঘটিত হচ্ছে। ক্যাশলেস সমাজে বড় অঙ্কের অর্থ এক ক্লিকেই স্থানান্তর করা সম্ভব—নগদ টাকার সময় শেষ।
তিনি আরও জানান, চূড়ান্ত অনুমোদনের সময় আরও দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়মে কমিশন প্রতি ছয় মাস অন্তর অনলাইনে কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়। এ ছাড়া কমিশনের কর্মকর্তারা যারা সরাসরি দুর্নীতি দমন তদন্তে যুক্ত থাকবেন, তাদের সম্পদের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।