যুক্তরাজ্যের রাজধানী লন্ডনগামী একটি ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ভেতর যাত্রীদের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে অন্তত ১০ জনকে গুরুতর আহত করেছে দুষ্কৃতীরা। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে কেমব্রিজশায়ারের কাছে এ হামলার ঘটনা ঘটে। ট্রেনটি ডঙ্কাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনের উদ্দেশে যাচ্ছিল। অত্যন্ত ব্যস্ত এই রুটে ভিড়ের সুযোগে হামলাকারীরা যাত্রীদের ওপর হামলা চালায় বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানায়, ট্রেনের এক যাত্রী বড় একটি ধারালো অস্ত্র বের করে যাত্রীদের ভয় দেখাতে শুরু করেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা করলে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। ওই সময় হামলাকারীরা এলোপাতাড়ি কোপাতে শুরু করে, ফলে বেশ কয়েকজন গুরুতর জখম হন।
খবর পেয়ে হাটিংডন স্টেশনে আগে থেকেই অবস্থান নেয় ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। ট্রেনটি থামিয়ে যাত্রীদের উদ্ধার করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। হামলায় আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
পুলিশ বলেছে, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হামলা হতে পারে, তবে সন্ত্রাসবাদ সংক্রান্ত কোনো সংযোগ আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।