গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে, ওয়ার্ল্ড ফেডারেশন এক্সচেঞ্জস (WFE) এর বার্ষিক সাধারণ সভা শেষে তুরস্কের ইস্তানবুল শহরের রিক্সোস টারসেন হোটেলের হাসকয় হলে, চিটাগং স্টক পিএলসি (CSE) এবং চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জ কো লিমিটেড (CFFEX) এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ।
এতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং সিফেক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব জিয়াওগেং ঝ্যং, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে স্বাক্ষর করেন । এসময় সিফেক্স এর ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব শেন সুয়াং এবং জনাব ফেং ইউ উপস্থিত ছিলেন। মূলত দ্বিপাক্ষিক অংশিদারীত্বের মাধ্যমে বাংলাদেশে একটি টেকসই ডেরিভেটিভস বাজারের উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার জন্য এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয় । এছাড়াও এই চুক্তির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে তথ্যের আদান প্রদান করা, প্রশিক্ষণ এবং নলেজ শেয়ারিং অনুষ্ঠানের আয়োজন করা, ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় সহায়তা প্রদান করা , বিশেষ করে বাংলাদেশের ডেরিভেটিভস পণ্যের প্রচার করা ।
চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জস কো লিমিটেড (CFFEX), সিফেক্সঃ
২০০৬ সালে চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (CSRC) এর অনুমোদনে প্রতিষ্ঠিত চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জস কো লিমিটেড (CFFEX) হলো ফিনান্সিয়াল ফিউচারস, অপশন্স এবং অন্যান্য ডেরিভেটিভসের ট্রেডিং এবং ক্লিয়ারিং-এর জন্য একটি বিশেষ প্লাটফর্ম । পাঁচটি প্রধান চীনা এক্সচেঞ্জের সহযোগিতার মাধ্যমে গঠিত চায়না ফিনান্সিয়াল ফিউচারস এক্সচেঞ্জস কো লিমিটেড আর্থিক বাজার সংস্কারকে এগিয়ে নিতে এবং চীনের বহু-স্তরীয় মূলধন বাজারকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে । সিফেক্স তার কার্যক্রমের মাধ্যমে দক্ষ ঝুঁকি স্থানান্তর, বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং সামস্টিক অর্থনীতিকে সমুন্নত করার বৃহত্তর লক্ষ্যে অবদান রাখছে । নিরাপদ এবং দক্ষ ডেরিভেটিভ পণ্য বাজারে আনার মাধ্যমে সিফেক্স আর্থিক উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার কাজ করে যাচ্ছে । এছাড়াও আন্তর্জাতিক সংস্থাসমূহের (WFE, IOSCO, FIA, ISDA) সাথে সক্রিয় ভাবে সম্পৃক্ত থেকে এবং বিশ্বব্যাপী এক্সচেঞ্জগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে , বিশ্বব্যাপী বিভিন্ন দেশের বাজার থেকে প্রোডাক্ট সমূহকে চীনা ফিউচার মার্কেটে উন্মুক্ত করে সিফেক্স চীনের আর্থিক ভবিষ্যৎ বাজারকে সমৃদ্ধ ও সম্প্রসারণের কাজ করে যাচ্ছে।
আশা করা যাচ্ছে যে , এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সিএসই এবং সিফেক্স বাংলাদেশে একটি সুসংগঠিত ডেরিভেটিভ বাজার স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।