নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা ও উপশাখা আজ শনিবার (১৮ অক্টোবর) খোলা থাকবে, যাতে হজ নিবন্ধনের জন্য অর্থ জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করা যায়।
গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থিত থাকবেন, সংশ্লিষ্ট শাখাগুলোকে অর্থ গ্রহণ কার্যক্রম চালু রাখতে হবে।
সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।